নিজস্ব প্রতিবেদক:
সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি শুধু গাছ লাগানো নয়, বরং গাছের সঠিক সংরক্ষণ ও পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ১০ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সড়কের দুই পাশে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
Reporter Name 















