গৌরীপুরে সাংবাদিকদের তীব্র ক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহার ও বক্তব্য প্রত্যাহারে ৪ দিনের আল্টিমেটাম
ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং সংগঠনটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দেওয়া বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে আনীত মামলাটি সম্পূর্ণ ‘মিথ্যা ও সাজানো’। তারা অনতিবিলম্বে এ ভিত্তিহীন মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান।
পাশাপাশি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদ কর্তৃক সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা এবং নির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন বক্তারা। তাদের সম্পর্কে ‘মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে উত্থাপিত বক্তব্যকে চরম মানহানিকর আখ্যা দিয়ে আগামী ৪ দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল এমরানসহ অন্য সাংবাদিক নেতারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ুন কবির, নুরুল আবেদীন, লুৎফুর রহমান খান খোকন, সুপক উকিল, মতিউর রহমান, মাহফুজুর রহমান মাফুজ, আসিকুর রহমান, মোস্তফা, শামীম আলভী এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মামুনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।
নিজেস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক, এসিএ নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ : 














