নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আমিনুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ২টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আমিনুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় গ্রামের আ. আজিজের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মুরাদপুর এলাকায় মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আমিনুর রহমানের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতাউর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
Reporter Name 













