নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
র্যাব জানায়, গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-১ (যাত্রাবাড়ী) এর একটি আভিযানিক দল সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ মোহাম্মদ কামরুজ্জামান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক কামরুজ্জামান ঢাকার গেন্ডারিয়া থানার সতীশ সরকার রোড এলাকার আবুল কাউসারের ছেলে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
Reporter Name 













