নিজস্ব প্রিবেদক:
রাজধানীর ব্যস্ততম এলাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ দূর করে ফুটপাতে ফিরিয়ে আনা হয়েছে নান্দনিক পরিবেশ। এখন সেখানে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ এবং দেয়ালজুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি নতুন রূপ দিয়েছে পুরো এলাকাকে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর উদ্যোগে বাস্তবায়িত এই সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানী ঢাকা দেশের মুখমণ্ডল—একে পরিষ্কার, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা সবার সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন, হাসপাতালমুখী রোগী ও তাদের স্বজনদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ পরিবেশ দীর্ঘমেয়াদে বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক জানান, ফুটপাতে অনিয়ন্ত্রিত ব্যবসা আর চলবে না। তবে মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স প্রদান করে নির্দিষ্ট এলাকা, সময় ও সংখ্যার ভিত্তিতে তাদের বসার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। স্থাপন করা হয়েছে ৫৫০টি ফুলের টব এবং ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। এছাড়া রোগীর স্বজনদের জন্য ৫০টি বসার আসন এবং পাহাড়ের আদলে দুটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজও চলমান রয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার বলেন, এটি একটি পাইলট প্রকল্প।
জনগণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পাওয়া গেলে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ ফুটপাতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 















