নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর লালবাগ এলাকা থেকে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি সালাউদ্দিন শেখ (৪৮) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাহাপাড়া এলাকার বাসিন্দা মো. আলিমুল করিম (৪০) কে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি সালাউদ্দিন শেখ তার কাছ থেকে গত ২৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত মোট ১৩ লাখ টাকা আদায় করে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর পরিবর্তে ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানো হয়। পরবর্তীতে তাকে মিশর ও ইন্দোনেশিয়ায় নেওয়ার পর লিবিয়ার মরুভূমির একটি নির্জন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
এ সময় ভুক্তভোগীর পরিবারকে জানানো হয় যে, তিনি লিবিয়ায় একটি মাফিয়া চক্রের হাতে আটক রয়েছেন এবং মুক্তির জন্য আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে ভুক্তভোগীর স্ত্রী অতিরিক্ত ৪ লাখ টাকা প্রদান করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় ৭ এপ্রিল ২০২৬ তারিখে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬/৭/৮/৯/১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের স্বার্থে র্যাব-১০ কে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল ২০২৬ বিকাল প্রায় ৩টা ৫০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন শেখকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, মানবপাচারের মতো নৃশংস অপরাধের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 















