শতবর্ষের দোরগোড়ায় গৌরীপুর পৌরসভা: প্রত্যাশা ও প্রস্তুতির নতুন দিনবদল
আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখে পূর্ণ হতে যাচ্ছে ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী গৌরীপুর পৌরসভার গৌরবময় শতবর্ষ। চার মাসেরও কম সময়ে এই মাহেন্দ্রক্ষণে পৌঁছানোর প্রাক্কালে পৌরবাসী ও নতুন প্রজন্মের ভোটারদের মনে জাগছে উন্নয়ন, সঠিক ইতিহাস ও জবাবদিহিতার এক নতুন প্রত্যাশা। বর্তমানে পৌরসভাটি প্রশাসক দ্বারা পরিচালিত হলেও আগামী নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা পৌর এলাকাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার রকমারি প্রতিশ্রুতির ছক কষছেন। অন্যদিকে, প্রথমবার ভোট দেওয়ার অপেক্ষায় থাকা নতুন তরুণ ভোটাররা খুঁজছেন এমন এক সৎ ও দূরদর্শী নেতৃত্ব, যিনি ঐতিহ্য রক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও ডিজিটালাইজেশনের সুসংবাত বয়ে আনবেন।
শতবর্ষের এই ঐতিহাসিক উদযাপন উপলক্ষে বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে সার্বিক ও সমন্বিত প্রস্তুতির ব্যাপক প্রত্যাশা রয়েছে পুরো এলাকাবাসীর। কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি গৌরীপুরের সঠিক ইতিহাস সংরক্ষণ ও সামাজিক ভাবমূর্তি সমুন্নত রাখতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে ক্রিয়েটিভ এসোসিয়েশন, পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স ও এসিক এসোসিয়েশন। সরকারি পৃষ্ঠপোষকতা থাকুক বা না থাকুক, ইতিহাসভিত্তিক এসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজেদের জোরালো উদ্যোগে আগামী দিনে শতবর্ষের প্রতিটি মাহেন্দ্রক্ষণ অত্যন্ত বর্ণাঢ্য ও সার্থকভাবে উদযাপন করতে সম্পূর্ণ প্রস্তুত।
Mohammad Raihan Uddin Sarker 


















